সারাদেশ

যশোর সার্কিট হাউজে ‘ভুয়া অতিরিক্ত সচিব’ আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

যশোর সার্কিট হাউজে ‘ভুয়া অতিরিক্ত সচিব’ আটক
আটক আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

কোট–স্যুটে পরিচ্ছন্ন পোশাক, কথাবার্তা ও আচরণে উচ্চপদস্থ আমলাদের মতোই গাম্ভীর্য। এভাবেই নিজেকে কখনো জেলা প্রশাসক, কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ে গত তিন মাসে তিন দফা যশোর সার্কিট হাউসে উঠে সরকারি সুবিধা ভোগ করে আসছিলেন আব্দুস সালাম (৬৭)।

অবশেষে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সন্দেহ ও যাচাই–বাছাইয়ের পর তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জেলা প্রশাসন। আটক আব্দুস সালাম মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বারবার উচ্চপদস্থ পরিচয় দিয়ে সালাম সার্কিট হাউসে থাকা–খাওয়া ও অন্যান্য সুবিধা নিতেন। তবে অনুসন্ধানে জানা যায়, অতীতে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং তার সরকারি কোনো পরিচয় নেই।

আটকের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মো. জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার।

অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার জানান, দীর্ঘদিন ধরেই নিজেকে অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে সরকারি সুবিধা ভোগ করছিলেন সালাম। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। হেফাজতে থাকা অবস্থায় তিনি প্রতারণার কথা স্বীকার করে দুঃখও প্রকাশ করেছেন।