সারাদেশ

নির্বাচন সামনে রেখে সীমান্ত এলাকায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির তল্লাশি জোরদার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

নির্বাচন সামনে রেখে সীমান্ত এলাকায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির তল্লাশি জোরদার
নির্বাচন সামনে রেখে সীমান্ত এলাকায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির তল্লাশি জোরদার। ছবি: ঢাকাপ্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে সীমান্ত এলাকা ছাড়াও নির্বাচনী দায়িত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি ও টহল পরিচালনা করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো দুষ্কৃতিকারী দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে লক্ষ্যে এসব নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।