সারাদেশ

প্রেমের টানে চীন থেকে যশোরে, ইসলাম গ্রহণ করে তন্দ্রাকে বিয়ে বিদেশি তরুণের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

প্রেমের টানে চীন থেকে যশোরে, ইসলাম গ্রহণ করে তন্দ্রাকে বিয়ে বিদেশি তরুণের
ছবি: সংগৃহীত

প্রেমের টানে হাজার মাইল দূরত্ব পেরিয়ে চীনের বেইজিং থেকে যশোরে ছুটে এসেছেন লি বিং নামের এক যুবক। শুধু প্রেমই নয়, প্রিয় মানুষকে জীবনের সঙ্গী করতে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের মন্টু মোল্লার মেয়ে তন্দ্রা খাতুনকে।

ব্যতিক্রমী এই বিয়ের খবর এলাকাজুড়ে ছড়িয়ে পড়তেই তন্দ্রাদের বাড়িতে ভিড় করছেন আশপাশের কৌতূহলী মানুষ। চীনা এই জামাইকে এক নজর দেখতে প্রতিদিনই মানুষের আগমন ঘটছে।

তন্দ্রা খাতুন জানান, ভাষা শেখার একটি অ্যাপ ‘হ্যালোটক’-এর মাধ্যমে লি বিংয়ের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। পরে তাদের যোগাযোগ ‘উইচ্যাট’-এ গড়ায়। নিয়মিত কথোপকথনের একপর্যায়ে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। প্রায় আট মাসের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা, এতে দুই পরিবারেরই সম্মতি ছিল।

তিনি আরও জানান, গত ১৮ জুন বাংলাদেশে আসেন লি বিং। পরদিন ১৯ জুন সন্ধ্যায় ধর্মীয় নিয়ম মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে লি বিং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি শ্বশুরবাড়িতেই অবস্থান করছেন। ভিসার প্রক্রিয়া শেষ হলে তন্দ্রা তার স্বামীর সঙ্গে চীনে যাবেন।

লি বিং জানান, তিনি বেইজিংয়ের একটি স্মার্ট লক তৈরির প্রতিষ্ঠানে কাজ করেন। বাংলাদেশে এসে ও বিয়ে করে তিনি খুবই আনন্দিত। ভাঙা বাংলায় তিনি বলেন, তার স্ত্রী খুব ভালো এবং বাংলাদেশের পরিবেশ ও মানুষের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে।

তন্দ্রার মা শিউলি বেগম বলেন, মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্কের শুরু হলেও দুই পরিবারের সম্মতিতে সুষ্ঠুভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। নতুন জামাইকে পেয়ে তারা বেশ খুশি।

এদিকে স্থানীয়দের মধ্যেও এই বিয়ে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রতিবেশী কুলসুম বেগম জানান, এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। ফলে এলাকাজুড়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রতিদিনই মানুষ নতুন জামাইকে দেখতে আসছেন।