সারাদেশ
ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় কাটলেন জেলা প্রশাসক
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আওতায় চুয়াডাঙ্গায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়, সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহারসহ কর্মকর্তাদের ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায়।
সকালে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন। এ সময় তিনি শ্রেণিকক্ষ, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন।
একই সঙ্গে কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আঙিনা এবং আশপাশের এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
কর্মসূচিতে স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল ইসলাম এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান চলাকালীন নয়, নিয়মিত বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।