সারাদেশ
ময়মনসিংহে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য সাকিবুল হাসান (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর ভাটিপাড়া নদীর পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাকিবুল হাসান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাকিবুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে মানসিক সমস্যায় আক্রান্ত হন। পরে তিনি চাকরিচ্যুত হয়ে বাড়িতে ফিরে আসেন এবং পরিবারের তত্ত্বাবধানে ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় তিন থেকে চার মাস আগে সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিষয়টি এলাকাবাসীর মধ্যেও পরিচিত ছিল।
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।