সারাদেশ

জামালপুরে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে ১০০ নিয়মিত পরীক্ষার্থীর পরীক্ষা!


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম

জামালপুরে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে ১০০ নিয়মিত পরীক্ষার্থীর পরীক্ষা!
ছবি: সংগৃহীত

জামালপুরে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় প্রশ্নপত্রে বড় ধরনের গরমিলের ঘটনা ঘটেছে। ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ১০০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়।

শনিবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ওই কক্ষের সব পরীক্ষার্থী ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।

পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০২৫ সালের সিলেবাস উল্লেখ থাকায় বিষয়টি জানতে পারেন পরীক্ষার্থীরা। এতে তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এক পরীক্ষার্থী জানান, পরীক্ষা শেষে প্রশ্নপত্র দেখে তারা বুঝতে পারেন এটি আগের বছরের সিলেবাসভিত্তিক। কলেজ কর্তৃপক্ষ সমাধানের আশ্বাস দিলেও এ ভুলের কারণে ফলাফলে প্রভাব পড়বে কিনা, তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

অভিযোগের বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর শওকত আলম মীর জানান, পরীক্ষার জন্য আসা প্রশ্নপত্রের প্রতিটি বান্ডেলের গায়ে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল। কিন্তু ভেতরে ছিল ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর আগে বান্ডেল খুলে যাচাইয়ের সুযোগ না থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেগুলোই বিতরণ করেন।

তিনি আরও বলেন, মূলত এসব প্রশ্নপত্র অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ছিল। বিষয়টি ইতোমধ্যে শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। বোর্ড ওই ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়নের কথা জানিয়েছে।

জানা গেছে, এ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। সব মিলিয়ে কেন্দ্রে ৯ শতাধিক পরীক্ষার্থী অংশ নেন।