সারাদেশ
ময়মনসিংহে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২
ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে একটি বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
দুর্ঘটনার সময় বাসে থাকা এক যাত্রী বৃষ্টি আক্তার জানান, হঠাৎ বাসের চালক অজ্ঞান হয়ে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সফল হননি।
মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশে প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।