সারাদেশ

১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম

১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমার জলসীমা অমান্য করে ঢুকে পড়া ১৯টি বাংলাদেশি ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত এনেছে বাংলাদেশ কোস্টগার্ড। এদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (২৯ আগস্ট) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় কিছু ফিশিংবোট মিয়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।”

অভিযান চলাকালীন সময় মিয়ানমার জলসীমায় অবস্থানরত ১৯টি ফিশিং বোট ও ১২২ জন জেলেকে আটক করা হয়। এরপর তাদের এবং জব্দকৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ফিশিংবোটগুলোর মিয়ানমার জলসীমা অতিক্রমের প্রবণতা বেড়ে গেছে। এর ফলে প্রায় প্রতিদিনই আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করছে, যা নাফ নদীর নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতির জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।