সারাদেশ

৬ ঘণ্টা ধরে জ্বলছে চট্টগ্রামের ইপিজেড কারখানা, ভেঙে পড়ছে দেয়াল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম

৬ ঘণ্টা ধরে জ্বলছে চট্টগ্রামের ইপিজেড কারখানা, ভেঙে পড়ছে দেয়াল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় লাগা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতায় ভবনের কয়েকটি দেয়াল ও উপরের তলা ভেঙে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আগুন লাগে। বর্তমানে এটি একপ্রকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী কাজ করছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এবং নৌবাহিনীর ৪টি ইউনিট যোগ দিয়েছে। ৫ ঘণ্টার বেশি সময় ধরে তারা চেষ্টা করছে, কিন্তু আগুন এতটুকুও নিয়ন্ত্রণে আসেনি।

সরেজমিনে দেখা যায়, আগুনের তাপে ভবনের উপরের দুটি তলা ও দেয়াল ধসে পড়েছে। আগুন উপরের দিক থেকে নিচের ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়েছে, বর্তমানে নিচতলাতেও আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এত বেশি যে কারখানাটি থেকে ৩০০ গজ দূরেও তাপ অনুভূত হচ্ছে। ভবনের ভেতর থেকে কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আগুনের শিখা ভবনের ছাদ পেরিয়ে ১০০ ফুট ওপর পর্যন্ত উঠছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে আশপাশের পুরো এলাকা।

প্রত্যক্ষদর্শী মুজিবুল হক নামে এক ব্যক্তি বলেন, আশেপাশের রিজার্ভ ট্যাংক থেকে পানি সংগ্রহ করে ছিটাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। তাতে খুব বেশি কাজ হচ্ছে না। আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

সন্ধ্যার দিকে আগুন পার্শ্ববর্তী একটি টিনশেড ভবনে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, আগুন লাগা কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করার বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয়।

কারখানার ভেতরে শ্রমিক আটকে পড়ার কোনো তথ্য এখন পর্যন্ত নেই বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ভবনের ভেতরে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হলেও পানির চাপ কম থাকায় কাজ কঠিন হয়ে পড়েছে।