সারাদেশ

সন্ধ্যায় দেবরের আত্মহত্যা, পরদিন সকালে ভাবি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

সন্ধ্যায় দেবরের আত্মহত্যা, পরদিন সকালে ভাবি
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দুই আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে নিজ কর্মস্থলের পাশে একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। মাত্র ২৪ ঘণ্টা না পেরোতেই বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মধ্য মহিষার এলাকায় তার চাচাতো ভাবি এলিনা আক্তারও স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই ও মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায় তিন মাস আগে বিষয়টি প্রকাশ্যে আসার পর পারিবারিক উত্তেজনা ও বিরোধ সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত সম্পর্কজনিত মানসিক চাপের কারণে মিল্টন এই পথ বেছে নিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, “মিল্টন আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতো। গতকাল শুনলাম সে ইফতার শেষে আত্মহত্যা করেছে। আজ সকালে জানতে পারি তার চাচাতো ভাবিও আত্মহত্যা করেছে। অনেকেই ধারণা করতেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।”

নিকটাত্মীয় আব্দুল খালেক মাতব্বর বলেন, “তাদের প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা আগে থেকেই আভাস পেয়েছিলাম। সেই সূত্রেই দুজনেই আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি।”

ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, “সকালে হাসপাতাল থেকে খবর পাই এক নারী আত্মহত্যা করেছেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”