সারাদেশ

ঈদের দিন বৈরী আবহাওয়ার আশঙ্কা, পাঁচ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম

ঈদের দিন বৈরী আবহাওয়ার আশঙ্কা, পাঁচ বিভাগে কালবৈশাখীর পূর্বাভাস
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশজুড়ে উৎসবের প্রস্তুতি চললেও আবহাওয়া পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের জানিয়েছেন, ২০ ও ২১ মার্চ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। বিশেষ করে ঈদের দিন ঝড়ের তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাংশে ঝড়-বৃষ্টির প্রভাব বেশি পড়তে পারে। এসব এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত এমনকি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রসহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে, যদিও তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। ১৯ মার্চ থেকে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

২০ ও ২১ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু স্থানে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা ঈদের দিন ভ্রমণ ও খোলা স্থানে অবস্থানের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।