সারাদেশ
বোমা মেরে জামায়াত নেতাদের মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ৪
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মুরগির বিষ্ঠা দখলকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় হাতবোমা বিস্ফোরণ, একটি এজেন্ট ব্যাংকে তালা ভেঙে টাকা লুট এবং বিভিন্ন যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন জানান, এ ঘটনায় ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার বাদী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাহালগাঁও বাজার সংলগ্ন সিপি বাংলাদেশ-৫ কোম্পানিতে উৎপাদিত মুরগির বিষ্ঠা নেওয়া নিয়ে স্থানীয়ভাবে বিরোধ চলছিল। সাম্প্রতিক নির্বাচনের পর এ বিরোধ তীব্র আকার ধারণ করে।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত ১১টার দিকে দুই শতাধিক নেতাকর্মী বিভিন্ন যানবাহনে করে কোম্পানিতে গিয়ে দুই ট্রাক মুরগির বিষ্ঠা নিয়ে যায়। পরে তারা বাজারে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে এবং বিভিন্ন স্থানে হামলা চালায়।
ক্ষতিগ্রস্তদের দাবি, হামলাকারীরা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা থেকে নগদ টাকা লুট করে এবং একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর করে।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। বুধবার বিকেলে কাহালগাঁও বাজারে বিএনপি ও স্থানীয়দের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অন্যদিকে, উপজেলা জামায়াত নেতারা এক বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন জানিয়েছেন, ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।