সারাদেশ
রাতে ‘জ্বিনে ধরে নিয়ে যাওয়ার’ দাবি, পরদিন মিলল শিশুর মরদেহ
চাঁদপুরের ফরিদগঞ্জে এক নবজাতকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, গভীর রাতে ‘জ্বিনের মতো’ এক নারী তাদের শিশুকে নিয়ে যায়। তবে পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে। শনিবার (২৫ এপ্রিল) সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মিজি বাড়ির বাসিন্দা নাজির হোসেনের স্ত্রী রহিমা বেগম রাত প্রায় ৩টার দিকে ঘর থেকে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, বিছানায় থাকা তাদের ৪৫ দিন বয়সী সন্তান ইমন মিজি নিখোঁজ। এ সময় তার স্বামী রাজিব হোসেন দাবি করেন, কালো বোরখা পরা ‘জ্বিনের মতো’ এক নারী শিশুটিকে নিয়ে গেছে।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, পানিতে মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।