সারাদেশ

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল ৩ দিন বন্ধ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল ৩ দিন বন্ধ
ছবি: ঢাকাপ্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গ-এ বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন সামনে রেখে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধসহ চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সীমিত করা হয়েছে। তবে এ সময়ে শুধুমাত্র পচনশীল পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

বন্দর সূত্রে জানা গেছে, আগামী ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সীমান্ত দিয়ে সব ধরনের পাসপোর্টযাত্রী পারাপার বন্ধ রাখা হবে।

এই সময়ে মানুষ ও যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ফলে বেনাপোলসহ সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা, ভোটারদের ভোটদানের উদ্দেশ্যে যাতায়াত এবং পচনশীল পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে তিন দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে কাঁচামালের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রাখা হয়েছে।

অন্যদিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ এস এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বিশেষ অনুমোদন সাপেক্ষে জরুরি ক্ষেত্রে সীমিত পরিসরে পাসপোর্টযাত্রী পারাপারের সুযোগ রাখা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ সবাইকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।