সারাদেশ

৪৫ বছর পর পুনঃখনন হচ্ছে জিয়াউর রহমানের খননকৃত ঐতিহাসিক স্বনির্ভর খাল


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৫১ পিএম

৪৫ বছর পর পুনঃখনন হচ্ছে জিয়াউর রহমানের খননকৃত ঐতিহাসিক স্বনির্ভর খাল
ছবি: ঢাকাপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় জিয়াউর রহমান-এর খননকৃত ঐতিহাসিক স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে এ খনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খনন.jpg

১৯৮১ সালে জিয়াউর রহমান প্রায় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ এ খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ৪৫ বছর পুনঃখনন না হওয়া, জলবায়ুর বিরূপ প্রভাব এবং দখল-দূষণের কারণে খালটি প্রায় ভরাট হয়ে যায়। এর ফলে খরা মৌসুমে বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের প্রায় ৪ হাজার একর ফসলি জমি অনাবাদি পড়ে থাকে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, খালটির পুনঃখনন শেষে পানি প্রবাহ স্বাভাবিক হলে কৃষিকাজে সুবিধা বাড়বে এবং দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবেন। প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে খালটির দেড় কিলোমিটার অংশ খনন করা হবে।