সারাদেশ
সীতাকুণ্ডে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১
সীতাকুণ্ড উপজেলায় সাধারণ যাত্রী ভেবে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা করার অভিযোগে রবিউল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রবিউল হোসেন উপজেলার সলিমপুর ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ডাকাতরা সাধারণত মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাস বা প্রাইভেট কার লক্ষ্য করে রড বা লোহার পাইপ নিক্ষেপ করে। এতে বিকট শব্দ হলে অনেক চালক গাড়ি থামান এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। এ সুযোগেই ডাকাতির ঘটনা ঘটে।
ঘটনার রাতে পুলিশের একটি মাইক্রোবাসকে যাত্রীবাহী গাড়ি ভেবে একই কৌশলে লোহার পাইপ নিক্ষেপ করা হয়। পরে পুলিশ গাড়ি থামিয়ে অভিযান চালিয়ে একজনকে হাতেনাতে আটক করে।
মহিনুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সীতাকুণ্ড থানা বলেন, “সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে পুলিশের গাড়িতে লোহার পাইপ নিক্ষেপ করা হয়। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতার রবিউল হোসেনের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি ডাকাতির মামলা। ওই তিন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকায় একটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই ঘটনাতেও একই কৌশলে রড নিক্ষেপ করা হয়েছিল এবং যাত্রীরা গাড়ি থামানোর পর ডাকাতির শিকার হন।