সারাদেশ
মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রাম
মিয়ানমারে আঘাত হানা ৫ মাত্রার একটি ভূমিকম্পের কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে।
রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পে চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার নিচে। এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের সময় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে ঘরবাড়ি কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে অনেকে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন।
এর আগেও শনিবার (৯ মে) বিকেলে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে হওয়া ওই কম্পনের মাত্রা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যে ৪ দশমিক ৪ থেকে ৪ দশমিক ৫ এর মধ্যে উল্লেখ করা হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৫ বলে জানায়। অন্যদিকে ইউএসজিএসের তথ্যে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসামের বিলাসিপাড়া এলাকায়। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় সীমান্তবর্তী বাংলাদেশি জেলাগুলোতে কম্পন বেশি অনুভূত হয়।
লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় স্থানীয়রা মৃদু থেকে মাঝারি মাত্রার ঝাঁকুনির কথা জানান। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।