সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় এক দিনে ৩ কলেজ শিক্ষার্থীর মৃত্যু 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১১:২৬ এএম

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় এক দিনে ৩ কলেজ শিক্ষার্থীর মৃত্যু 
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে পৃথক পৃথক ঘটনায় গত ২৪ ঘণ্টায় তিন কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, আর দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) জেলার শহরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। হঠাৎ এমন তিন মৃত্যুর ঘটনায় পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের বশিরপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আশরাফুল ইসলাম হৃদয় (২০)। তিনি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও বিহারীপাড়া এলাকার রুবেল শেখের ছেলে এবং বরুনাগাঁও আবুল হোসেন কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে টাইলসের কাজ করতে যান হৃদয়। সন্ধ্যার দিকে দেয়ালে টাইলসের পুডিং দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের আটগ্যালারি এলাকার একটি মহিলা মেস থেকে সুমাইয়া আক্তার ঝিলিক (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী এলাকার মৃত শফিকুল ইসলাম আজাহারের মেয়ে। ঝিলিক ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি নিজের পড়াশোনার খরচ চালাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। সহপাঠীরা সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা জানান, লেখাপড়ার সুবাদে শহরের ওই মেসে ভাড়া থাকতেন ঝিলিক। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অপরদিকে, সোমবার দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রাম থেকে পূজা রানী (১৮) নামে আরেক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পূজা ওই গ্রামের কৃষক নকুল পালের মেয়ে এবং ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবারের দাবি, মোবাইল ফোন কিনে না দেওয়াকে কেন্দ্র করে অভিমান থেকে আত্মহত্যার পথ বেছে নেয় পূজা। জানা গেছে, সম্প্রতি মোবাইল ফোন ব্যবহার নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। পরে পরিবারের পক্ষ থেকে তার ফোনটি নিয়ে রাখা হয়। নতুন ফোনের জন্য বাবার কাছে জেদ করলেও আর্থিক সংকটের কারণে তাৎক্ষণিকভাবে কিনে দিতে পারেননি তিনি। এ ঘটনায় অভিমান থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পরিবার।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।