সারাদেশ
২০২৫ সালের এইচএসসি প্রশ্নে পরীক্ষা দিলেন এক কেন্দ্রের ২০ পরীক্ষার্থী
গাইবান্ধার ফুলছড়িতে একটি কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিয়েছেন ২০ পরীক্ষার্থী। তারা ২০ জনই ২০২৬ সালের পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থী ছিলেন। এতে ফলাফল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওই শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা।
আজ বৃহস্পতিবার (০২ জুলাই) উপজেলার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষা শেষে বিষয়টি বুঝতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা।
গত বছরের প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল হাসান বলেন, ঘটনাটি সঠিক। ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের একটি কক্ষের ২০ জন পরীক্ষার্থী ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। তারা সবাই একটি কক্ষে পরীক্ষা দিয়েছেন এবং সবাই ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী ছিলেন।
এ সময় কেন্দ্র সংশ্লিষ্টদের বরাত দিয়ে সৈয়দ মনিরুল হাসান বলেন, সংশ্লিষ্টরা এই ২০টি খাতা আলাদাভাবে প্যাকেট করে বোর্ডে পাঠিয়েছেন এবং বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন বলে কেন্দ্রের অধ্যক্ষ তাকে জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্তরা এটি ভুল করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই কক্ষে কোন কোন শিক্ষক দায়িত্বে ছিলেন এবং শিক্ষার্থীরা কোন বিভাগের, তা জানাতে পারেননি এই কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষ হওয়ার পর কক্ষ থেকে বের হয়ে পরীক্ষার্থীরা গত বছরের (২০২৫) প্রশ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টি বুঝতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে শিক্ষার্থী-অভিভাবকরা কেন্দ্র সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
পরে শিক্ষক সংশ্লিষ্টরা তাদের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন বলে জানা গেছে।