সারাদেশ

এইচএসসি পরীক্ষার কারণে কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

এইচএসসি পরীক্ষার কারণে কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত
ছবিঃ সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করতে কুড়িগ্রামসহ সংশ্লিষ্ট এলাকায় পূর্বনির্ধারিত সাত দিনের পরিকল্পিত লোডশেডিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ।

এর আগে, শনিবার প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক জরুরি পত্রে জানানো হয়েছিল, পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) পরিচালিত ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি)’ প্রকল্পের নির্মাণকাজের জন্য ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন দেওয়া হবে। এর ফলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এলাকার বিভিন্ন স্থানে আংশিক লোডশেডিং হওয়ার কথা ছিল।

তবে এইচএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সেই পরিকল্পিত লোডশেডিং আপাতত স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু পরীক্ষাকেন্দ্র নয়, কেন্দ্র-সংলগ্ন এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি থাকবে।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, গ্রীষ্মকালীন অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা ও জাতীয় গ্রিডের ওপর চাপ থাকলেও এইচএসসি পরীক্ষার্থীদের স্বার্থে পরিকল্পিত লোডশেডিং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের জন্য জরুরি টিম প্রস্তুত থাকবে।