সারাদেশ

২ দিন পর স্বাভাবিক বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম


প্রতিনিধি, বেনাপোল
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম

২ দিন পর স্বাভাবিক বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
ছবিঃ ঢাকা প্রকাশ

গেটপাস (কারপাস) ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতায় দুই দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আবার স্বাভাবিক হয়েছে।

গতকাল রবিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন পুনরায় গেটপাস ইস্যু শুরু করলে উভয় দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচলও স্বাভাবিক হয়।

এর আগে কাস্টমসের নতুন নির্দেশনার প্রতিবাদে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন গেটপাস ইস্যু বন্ধ রাখে। এতে ভারতের পেট্রাপোল বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এসব ট্রাকের উল্লেখযোগ্য অংশে বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল ছিল।

কাস্টমস সূত্র জানায়, গত ছয় মাসে অন্তত ১৩০টি অনিয়মের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে সম্প্রতি বেনাপোল কাস্টমস ৪৬ জনকে আসামি করে তিনটি মামলা দায়ের করে। এরপর গেটপাস ইস্যু ও দায়বদ্ধতা বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হলে তা নিয়ে সিঅ্যান্ডএফ কর্মীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। রোববার বিকেল থেকে গেটপাস ইস্যু পুনরায় শুরু হয় এবং কিছু পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. ফাইজুর রহমান বলেন, আলোচনার মাধ্যমে সৃষ্ট জটিলতার সমাধান হয়েছে। ফলে রোববার বিকেল থেকেই গেটপাস ইস্যু এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।