সারাদেশ
গাইবান্ধায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নারকেল গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোড়গাছা (দাড়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিম উদ্দিন (৫৫) এবং একই ইউনিয়নের পাথারেপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে গোলাম মওলা (৩৫)।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, গোলাম মওলা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করতেন। বুধবার সকাল ১০টার দিকে তিনি আজিম উদ্দিনের একটি নারকেল গাছ কাটতে যান। একপর্যায়ে কাটা গাছটি পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। পরে গাছটি সরাতে গেলে আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই গোলাম মওলার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আজিম উদ্দিনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।