সারাদেশ

বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, শিক্ষার্থীসহ আহত ৫


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম

বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, শিক্ষার্থীসহ আহত ৫
ছবিঃ সংগৃহীত

বরিশালে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী রয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ রবিবার (০৯ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর রূপাতলী-দপদপিয়া সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তি মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আহত ববি শিক্ষার্থীর নাম ইয়াসমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা বরিশাল নগরীর রূপাতলীর দিকে যাচ্ছিল। দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসটি বরিশালের রূপাতলী থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল। বিপরীতমুখী দুই যানবাহনের সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়। এতে মাহিন্দ্রার চালক ও পাঁচ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহিন্দ্রার এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ইয়াসমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। এতে কিছু সময়ের জন্য সড়কটিতে যানজটের পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

ওসি আল মামুন উল ইসলাম বলেন, যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।