সারাদেশ

শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে টাঙ্গাইলে মা ও অভিভাবক সমাবেশ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে টাঙ্গাইলে মা ও অভিভাবক সমাবেশ
ছবি: ঢাকা প্রকাশ

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা, লেখাপড়ার মানোন্নয়ন এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৪৩ নম্বর কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলম মিয়া ও জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, গোবিন্দাসী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শরিফুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক ফরমান শেখ, কয়েড়া ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল সরকার, বিদ্যালয়ের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসাইন, বিদ্যালয়ের সাবেক সভাপতি লুৎফর রহমান খান, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি লিয়াকত আলী, অভিভাবক সদস্য হাফিজুল হাসান তালুকদার, মনিরুজ্জামান, নজরুল ইসলাম ও গৌতম কুমারসহ অনেকে।

মা ও অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।