সারাদেশ
‘বুকটা এহন খালি অইয়া গেছে রে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’
‘বুকটা এহন খালি অইয়া গেছে রে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে।’ ছেলেকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন পুলিশের কনস্টেবল আলামিনের মা সেলিনা বেগম। চট্টগ্রামের ওয়াসা মোড় এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় নিহত হন এই পুলিশ সদস্য।
নিহত আলামিন মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী গ্রামের আব্দুল হক সরদারের ছেলে। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। ব্যক্তিজীবনে বিবাহিত আলামিনের আড়াই মাস বয়সী একটি মেয়েসন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার ৪ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে কোতোয়ালি থানার ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে চেকপোস্টের দায়িত্ব পালন করছিলেন আলামিনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় সন্দেহজনকভাবে হাঁটতে দেখে তিন যুবককে থামার সংকেত দেন তারা। তাদের মধ্যে একজন পালানোর চেষ্টা করলে তাকে আটকাতে মোটরসাইকেল নিয়ে মসজিদের পশ্চিম গেটের দিকে এগিয়ে যান কনস্টেবল আলামিন।
এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে আলামিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে বাসটি তাকে প্রায় ৫০ থেকে ১০০ গজ পর্যন্ত টেনে নিয়ে যায়। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ৫ অক্টোবর ভোরে তার মৃত্যু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলামিনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়নি। সোমবার রাত ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
আলামিনের বাবা আব্দুল হক সরদার বলেন, ‘কয়দিন আগে ছুটিতে আইছিল আলামিন। শুক্রবার জুমার পরে আমার সাথে ছবি তুলেছিল। আমি তো বুঝি নাই যে এইডাই আমার বাবার সাথে আমার শেষ ছবি। আমার সাত সন্তানের মধ্যে আমার আলামিন ছিল সবচেয়ে নম্র ভদ্র।’
আলামিনের একমাত্র বোন হালিমা বলেন, ‘আমার একটা ভাই পুলিশ হইছে, আমরা যে কত গর্ব করছি। আল্লাহ যে আমার ভাইরে এত তাড়াতাড়ি নিয়া যাইব, আমরা তো তা জানতাম না।’
আলামিনের স্ত্রী ইশরাত জাহান রিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি এখন কীভাবে বেঁচে থাকব? আমার আড়াই মাসের মেয়ে নিয়ে কার দুয়ারে যাব? আমার মেয়ে কাকে বাবা বলে ডাকবে? আল্লাহ, তুমি আমারে এত অল্প বয়সে কী করলা?’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজন পুলিশ সদস্য এভাবে চলে যাওয়া কাম্য নয়। তিনি আলামিনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।