সারাদেশ

নাটোরে ৫ লাখ টাকার চাঁদা নিতে গিয়ে ভুয়া এনএসআই সদস্য আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম

নাটোরে ৫ লাখ টাকার চাঁদা নিতে গিয়ে ভুয়া এনএসআই সদস্য আটক
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সদস্য পরিচয়ে চাঁদা নিতে গিয়ে এক প্রতারক অবশেষে ধরা পড়েছেন। রোববার (৩ আগস্ট) রাতে সেনাবাহিনীর সহায়তায় স্থানীয় এনএসআই সদস্যরা তাকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেন।

আটক হওয়া ওই প্রতারকের নাম নাজমুল হোসেন। তিনি গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় এলাকার বাসিন্দা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার জানান, নিজেকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে নাজমুল গুরুদাসপুর খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ‘পচা চাল কেনা’– এমন ভুয়া অভিযোগ তোলেন। এরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ভাঙিয়ে একটি ভুয়া চিঠিও দেখান এবং তদন্তে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান।

এই অভিযোগ শুনে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী জুলহাস উদ্দিন তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি “মীমাংসা” করতে ৫ লাখ টাকা দাবি করেন।

ঘটনায় সন্দেহ হওয়ায় জুলহাস উদ্দিন সরাসরি নাটোর জেলা এনএসআই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিকল্পনা অনুযায়ী রোববার রাতে টাকা হাতে নিয়ে তিনি মডেল মসজিদের সামনে যান। সেখানে টাকা নিতে আসলে সেনাবাহিনীর সহায়তায় নাজমুলকে ধরে ফেলে এনএসআই সদস্যরা।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক জানান, অভিযুক্ত নাজমুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এটি মামলা হিসেবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।