সারাদেশ
নওগাঁ-৪ আসনে ভোটার প্রলুব্ধের অভিযোগে জামায়াত প্রার্থী আব্দুর রাকিবকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে জামায়াতের প্রার্থী মো. আব্দুর রাকিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নওগাঁ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁ সিভিল জজ আদালত (আত্রাই)-এর বিচারক মো. শিমুল সরকার এ নোটিশ দেন। নোটিশে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি খেলার অনুষ্ঠানে জনসম্মুখে ভোটারদের উদ্বুদ্ধ করতে মো. আব্দুর রাকিব প্রকাশ্যে টাকা প্রদান করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। অভিযোগে আরও বলা হয়, ওই বক্তব্যের একটি ভিডিও জামায়াতের এক কর্মীর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, এসব কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪ ও বিধি ১৮ লঙ্ঘনের শামিল।
নোটিশে বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন মো. আব্দুর রাকিবের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না কিংবা কেন তাঁর বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে নির্ধারিত তারিখে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে জামায়াত প্রার্থী ও নওগাঁ জেলা জামায়াতের আমির মো. আব্দুর রাকিব জানান, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কোনো শোকজ নোটিশ এখনো হাতে পাইনি। খেলার অনুষ্ঠানে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা দেওয়া কিংবা দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার কোনো ঘটনা আমার মনে পড়ছে না। নোটিশ হাতে পেলে আদালতে হাজির হয়ে যথাযথ ব্যাখ্যা দেবো।