সারাদেশ

নওগাঁয় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

নওগাঁয় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু
নওগাঁয় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু। ছবি: ঢাকাপ্রকাশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে নওগাঁ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের হামড়ার বিল থেকে কৃষ্ণপুর অভিমুখী খালপাড় ও সড়কের দুই পাশে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির এক হাজার গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি ধলু বলেন, “গাছ শুধু আমাদের পরম বন্ধু নয়, এটি আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান অক্সিজেনের অন্যতম উৎস। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে খাল খনন ও বনায়নের মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন, আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে আজ হামড়ার বিল থেকে কৃষ্ণপুর খালপাড় পর্যন্ত এক হাজার চারা রোপণ করা হয়েছে। তবে শুধু গাছ লাগালেই হবে না, এগুলোকে সন্তানের মতো যত্ন নিয়ে রক্ষা করতে হবে।”

স্থানীয় যুবসমাজ ও সামাজিক সংগঠনগুলোর প্রতি গাছগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব গাছ বড় হলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি খালপাড়ের মাটির ভাঙন রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুব রহমান, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল হোসেন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহাসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।