সারাদেশ
নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এ দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।
রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার রাত থেকেই এলাকায় বৃষ্টি শুরু হয়। সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশের নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল জানান, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে গেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।