সারাদেশ

বয়সসীমা অতিক্রম, ভাইভা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

বয়সসীমা অতিক্রম, ভাইভা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের চূড়ান্ত তালিকায় এমন এক প্রার্থীর নাম পাওয়া গেছে, যিনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে দাবি করেছেন। বয়সসীমা অতিক্রম করায় তাকে মৌখিক পরীক্ষা না নিয়েই ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই প্রার্থী। তবে চূড়ান্ত তালিকায় তার নাম থাকায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

চূড়ান্ত তালিকায় থাকা ওই প্রার্থীর নাম সোনিয়া খাতুন। তিনি আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪০ বছর। তবে সোনিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৮৪ সালে। সে হিসাবে তার বর্তমান বয়স ৪২ বছর। বয়সসীমা অতিক্রম করায় মৌখিক পরীক্ষা দিতে গিয়েও তাকে অংশ নিতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।

সোনিয়া খাতুন বলেন, বয়স বেশি হওয়ায় মৌখিক পরীক্ষার দিন তার পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষক তাকে জানান, বয়স ৪০ বছরের বেশি হওয়ায় মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এ কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে চূড়ান্ত ফলাফলে তার নাম এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানাবেন।

অন্যদিকে, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবীর হোসেন বলেন, বয়সসীমা অতিক্রম করা এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে না পারার পরও কীভাবে সোনিয়া খাতুনের নাম চূড়ান্ত তালিকায় এসেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।