সারাদেশ
৮ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা, শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গা। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। রাত ও দিনের তাপমাত্রার ব্যবধানও খুব একটা নেই।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। সকাল ৯টায় তাপমাত্রা একই থাকলেও আর্দ্রতা বেড়ে দাঁড়ায় ৯৬ শতাংশে। এর আগের দিন বুধবার (৩১ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
হাড়কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে সকালবেলা কাজে বের হতে পারছেন না অনেকে। তবে সকালের দিকে সূর্যের দেখা মিললে তার সামান্য উষ্ণতাই শীতার্ত মানুষের জন্য কিছুটা স্বস্তি এনে দেয়।
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। প্রতিদিনই হাসপাতালে রোগীর চাপ বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানান, বর্তমান তাপমাত্রার অবস্থা আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে। আগামীকাল কিছুটা তাপমাত্রা বাড়লেও তা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। শৈত্যপ্রবাহ চলমান থাকবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এর পরবর্তী তিন দিন শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। তবে পরে আবারও শৈত্যপ্রবাহ ফিরে আসার সম্ভাবনা রয়েছে।