সারাদেশ

গোবিন্দগঞ্জে হানিট্র্যাপ চক্রের তিন সদস্য গ্রেফতার, জিম্মি যুবক উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

গোবিন্দগঞ্জে হানিট্র্যাপ চক্রের তিন সদস্য গ্রেফতার, জিম্মি যুবক উদ্ধার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সক্রিয় একটি সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের এক নারীসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কবল থেকে এক যুবককে উদ্ধার করা হয়েছে। উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি (কালিতলা) এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল এলাকার আবু সাঈদ লিমনের স্ত্রী রমীম আক্তার রিপা (২৫), কামারদহ ইউনিয়নের বকশীচর এলাকার মৃত নইবরের ছেলে মোস্তফা (৪৫) এবং গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা এলাকার মৃত রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)।

শুক্রবার সকালে ভুক্তভোগী যুবক শামীম মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রমীম আক্তার রিপা মুঠোফোনে কৌশলে শামীমকে দরবস্ত ইউনিয়নের কালিতলা এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নেয়। সেখানে তাকে ঘরের ভেতরে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে মোস্তফা ও শহিদুল জোরপূর্বক ঘরে ঢুকে তাকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে।

তারা হুমকি দেয়, টাকা না দিলে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শামীমকে মারধর করা হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে হানিট্র্যাপের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে নির্যাতন ও টাকা আদায় করে আসছিল। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।