সারাদেশ

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরে ডুবে আবদুর রহমান (৫) ও মো. জুবায়ের (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। তাদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আবদুর রহমান বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে। অন্যদিকে, একই গ্রামের জুয়েল রানার ছেলে মো. জুবায়ের। দুই শিশুই পরিবারের সদস্যদের সঙ্গে ওই এলাকায় বসবাস করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এদিকে, শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে একপর্যায়ে পুকুরে তল্লাশি চালানো হয়। পরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর তাদের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

অল্প বয়সে দুই শিশুর এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই পরিবারের আত্মীয় দুই শিশুকে একসঙ্গে হারিয়ে স্বজনেরা ভেঙে পড়েছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়েও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি সঠিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।