সারাদেশ
সীতাকুণ্ডে বাসের যাত্রীদের চাপা দিল লরি, নারী ও শিশুসহ নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়েছে একটি লরি। এতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে ফাতেমা (৪০) ও তার আট বছর বয়সী ছেলে রাকিবের পরিচয় জানা গেছে। তাদের বাড়ি নেত্রকোনার মদন সীবাশ্রম এলাকায়।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন।
এ সময় ঢাকাগামী একটি লরি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।