সারাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত, পালিয়ে ভারতে আশ্রয়


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৫৭ পিএম

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত, পালিয়ে ভারতে আশ্রয়
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের ওপর হামলার চেষ্টার ঘটনায় এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত টহলের অংশ হিসেবে ওই সময় বড়লেখা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিলেন বিজিবি সদস্যরা। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়। পরে আহত ব্যক্তিসহ অপরজন দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে পালিয়ে যায়।

ঘটনার পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় গোয়েন্দা তৎপরতা এবং আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংস্থাটি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।