খেলা

বিগ ব্যাশে ফিরলেন রিশাদ হোসেন, সুযোগ এবার অভিষেকের


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৭:২৪ এএম

বিগ ব্যাশে ফিরলেন রিশাদ হোসেন, সুযোগ এবার অভিষেকের
রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) আবারও সুযোগ পেলেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। আসন্ন মৌসুমের জন্য তাকে স্কোয়াডে রেখেছে হোবার্ট হারিকেন্স।

গত আসরেও রিশাদ ডাক পেয়েছিলেন দলটির পক্ষ থেকে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় খেলতে পারেননি তরুণ এই স্পিনার। তখন বিপিএলের সূচির সঙ্গে বিরোধ তৈরি হওয়ায় শেষ মুহূর্তে বাদ পড়তে হয়েছিল তাকে।

বিগ ব্যাশে এখন পর্যন্ত সাকিব আল হাসান ছাড়া আর কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মাঠে নামা হয়নি। তবে এবার সেই তালিকায় যুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রিশাদ। বিসিবির সবুজ সংকেত মিললেই এবারের আসরেই অভিষেক ঘটতে পারে তার।

হোবার্ট হারিকেন্সের হয়ে মাঠে নামার সুযোগ শুধু রিশাদের নয়, বরং এবারের বিগ ব্যাশে বাংলাদেশের আরও ১০ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। তালিকায় আছেন—মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।