খেলা

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা: বিসিবি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা: বিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং ইস্যু ঘিরে আলোচনার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জড়িয়ে নতুন গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, তার বিরুদ্ধে নাকি বিসিবির দুর্নীতি দমন ইউনিট তদন্ত শুরু করেছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে স্পষ্টভাবে অস্বীকার করেছে বিসিবি।

শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত চলছে না। দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল নিজেই এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে, এমন কোনো তদন্তের অস্তিত্ব নেই। তিনি বলেন, বিসিবি সভাপতি তার দ্বারা তদন্তাধীন—এমন দাবি পুরোপুরি অসত্য ও মনগড়া।

বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বোর্ডের জন্য গভীর উদ্বেগের বিষয়। এসব অপপ্রচারের মাধ্যমে বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বাংলাদেশ ক্রিকেট ও বোর্ডের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ভুয়া তথ্য ছড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় ৩০ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিবি মানহানিমূলক যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। খেলোয়াড় বা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত কুচক্রী প্রচারণায় জড়িত ব্যক্তি কিংবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সঙ্গে বিসিবি সাধারণ মানুষ ও গণমাধ্যমকে যাচাইহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কেবলমাত্র আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার অনুরোধ করেছে।