খেলা

ভুটানের বিপক্ষে আটকে গেল বাংলাদেশ, নেপালকে হারালেই শিরোপা ভারতের


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম

ভুটানের বিপক্ষে আটকে গেল বাংলাদেশ, নেপালকে হারালেই শিরোপা ভারতের
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ফের হোঁচট খেলো বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে হারের পর এবার স্বাগতিক ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ফাইনাল দৌড় থেকে কার্যত ছিটকে গেলো অর্পিতা বিশ্বাসের দল। দক্ষিণ এশিয়ায় নারীদের বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের জন্য এ এক বড় ধাক্কাই বলা যায়। কারণ, এবারই প্রথম সাফে ভুটান বাংলাদেশের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের মাত্র ৬ মিনিটেই পূর্ণিমা মারমা দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন। এরপর একের পর এক আক্রমণে ভুটানকে কোণঠাসা করে রাখলেও গোল মিসের খেসারত দিতে হয় বাংলাদেশকে।

bd-bhutan1_Dhakaprokash.jpg

বিশেষ করে আগের ম্যাচে হ্যাটট্রিক করা সুরভী আকন্দ প্রীতি আজ দুর্ভাগ্যের শিকার হয়েছেন। তার এক শট পোস্টে লেগে ফিরে আসে, আরেকবার গোলের একদম সামনে থেকে মিস করেন।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ভুটান গোল শোধ করে সমতা ফেরায়। বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী পোস্ট ছেড়ে বেরিয়ে আসলে ভুটানের ফরোয়ার্ড সুযোগটা কাজে লাগান।

বিরতির পরও বাংলাদেশ বেশি দাপট দেখিয়েছে, কিন্তু বল আর জালে ঠেলতে পারেনি কেউ। মামনি চাকমা, থৈনু মারমা, প্রীতিরা একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি। বারবার ভাগ্য মুখ ঘুরিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের মেয়েদের।

bd-bhutan2_Dhakaprokash.jpg

এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ১০। অন্যদিকে, ভারত এখন পর্যন্ত ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। আজ রাতেই যদি তারা নেপালকে হারিয়ে দেয়, তবে এক ম্যাচ হাতে রেখেই ভারতের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ-ভারত শেষ ম্যাচটি হবে কেবল নিয়মরক্ষার।

ঢাকায় অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর এই বয়সভিত্তিক দল থেকেও শিরোপা প্রত্যাশা ছিল বাংলাদেশের। কিন্তু দুই ম্যাচে মূল্যবান ৫ পয়েন্ট হারিয়ে সেই স্বপ্ন এখন ফিকে হয়ে যাচ্ছে।