খেলা
মেসির হ্যাটট্রিক, বড় জয়ে মৌসুম শেষ করল মায়ামি
মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে আবারও আলোচনায় লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক ও একটি অ্যাসিস্ট করে নিজের দল ইন্টার মায়ামিকে ৫-২ গোলের জয়ে নেতৃত্ব দেন আর্জেন্টাইন মহাতারকা।
শনিবার (১৮ অক্টোবর) ন্যাশভিলের জিওডিস পার্কে অনুষ্ঠিত ম্যাচে মেসির অসাধারণ নৈপুণ্যে জয় পায় ইন্টার মায়ামি। এই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি নিশ্চিত করেছেন ২০২৫ এমএলএস গোল্ডেন বুট—লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ২৮ ম্যাচে তাঁর গোল সংখ্যা ২৯, যা দ্বিতীয়স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্গার (২৪ গোল) চেয়ে পাঁচ বেশি।
মেসির গোল উৎসব শুরু হয় ম্যাচের ৩৫তম মিনিটে। সতীর্থ জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে ন্যাশভিলের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মুখ থেকে নিচু শটে গোল করেন তিনি।
এরপর ৪৩তম মিনিটে স্যাম সারিজ ন্যাশভিলকে সমতায় ফেরান এবং প্রথমার্ধের যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে জ্যাকবল শাফেলবার্গের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ন্যাশভিল।
বিরতির পর দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন মেসি। ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন তিনি। এরপর ৬৭ মিনিটে বাল্টাসার রদ্রিগেজ গোল করে মায়ামিকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন।
ম্যাচের ৮১তম মিনিটে আসে মেসির হ্যাটট্রিকের মুহূর্ত। বাঁ পায়ের নিখুঁত শটে বক্সের ভেতর থেকে বল জালে পাঠিয়ে এমএলএসে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। যোগ করা সময়ে তালেসকো সেগোভিয়ার গোলে ব্যবধান দাঁড়ায় ৫-২, আর সেই গোলে অ্যাসিস্ট দেন মেসি নিজেই।
পুরো মৌসুমে মেসির পারফরম্যান্স ছিল অভূতপূর্ব—২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট, অর্থাৎ এক মৌসুমে মোট ৪৮ গোল অবদান। এমএলএস ইতিহাসে এর চেয়ে বেশি অবদান রয়েছে কেবল কার্লোস ভেলার (৪৯ গোল অবদান)।
বড় এই জয়ের ফলে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নিয়মিত মৌসুম শেষ করেছে। সমান পয়েন্টে দুইয়ে রয়েছে সিনসিনাটি এবং ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। তৃতীয় হওয়ায় এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে আবারও নিজেদের মাঠে ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি—যেখানে মেসির দ্যুতিতেই ভরসা রাখছে পুরো দল।