খেলা

বিশ্বকাপে ব্যর্থতার হতাশায় গড়া ‘ফ্লপ একাদশে’ রোনালদোসহ জায়গা পেলেন যারা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম

বিশ্বকাপে ব্যর্থতার হতাশায় গড়া ‘ফ্লপ একাদশে’ রোনালদোসহ জায়গা পেলেন যারা
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবল যেমন নতুন প্রজন্মের তারকাদের উত্থান দেখিয়েছে, তেমনি অনেক প্রতিষ্ঠিত তারকার পারফরম্যান্স ছিল প্রত্যাশার তুলনায় বেশ হতাশাজনক। নামের ভার থাকলেও মাঠের খেলায় সেই ছাপ রাখতে না পারায় আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ‘ব্লিচার রিপোর্ট’ ঘোষণা করেছে এই বিশ্বকাপের সবচেয়ে ব্যর্থ একাদশ।

এই হতাশাজনক একাদশের নেতৃত্বে রয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো টুর্নামেন্টজুড়ে তাকে ঘিরেই পরিকল্পনা সাজালেও দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি তিনি। আক্রমণভাগে থাকলেও তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি।

দলের প্রধান কোচ হিসেবে রাখা হয়েছে পর্তুগালের দায়িত্বে থাকা স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজকে। তার অধীনে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পর্তুগালকে, যা এই তালিকায় তাকে জায়গা করে দিয়েছে।

গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জার্মানির অভিজ্ঞ ম্যানুয়েল ন্যুয়ার। দীর্ঘ বিরতির পর দলে ফিরলেও আগের ধার দেখাতে পারেননি তিনি। গ্রুপপর্বে একাধিক ভুল সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ ম্যাচে গোল হজম করায় দলের ক্ষতি হয়েছে।

রক্ষণভাগেও রয়েছে হতাশার ছাপ। ইংল্যান্ডের রিস জেমস চোটের কারণে পুরো সময় খেলতে পারেননি, ফলে দলের রাইট-ব্যাক পজিশন দুর্বল হয়ে পড়ে। ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালেস পুরো টুর্নামেন্টজুড়ে পজিশনিং ও ডিফেন্সিভ ভুলে ভুগেছেন। জার্মানির জোনাথন তাহ চার ম্যাচেও কোনো ক্লিন শিট রাখতে পারেননি এবং টাইব্রেকারে তার মিস বড় ক্ষতির কারণ হয়। ফ্রান্সের লুকাস দিগনে সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ভুল করে প্রতিপক্ষকে পেনাল্টির সুযোগ দেন।

মিডফিল্ডে প্রত্যাশা পূরণ করতে পারেননি উরুগুয়ের ফেদে ভালভের্দে, যার পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না। পর্তুগালের ভিতিনহা ক্লাব ফুটবলে উজ্জ্বল থাকলেও জাতীয় দলে নিজের ছন্দ খুঁজে পাননি। জার্মানির লেরয় সানে সুযোগ পেলেও আক্রমণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হন।

আক্রমণভাগেও একই চিত্র। আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে পরিশ্রম করলেও গোলের দেখা পাননি। ইংল্যান্ডের ননি মাদুয়েকে বদলি হিসেবে মাঠে নেমে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। আর রোনালদো তিনটি গোল করলেও তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল দলের, যা পূরণ হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।

সব মিলিয়ে বিশ্বকাপের এই ‘ফ্লপ একাদশ’-এ জায়গা পেয়েছেন— ম্যানুয়েল ন্যুয়ার, রিস জেমস, গ্যাব্রিয়েল মাগালেস, জোনাথন তাহ, লুকাস দিগনে, ফেদে ভালভের্দে, ভিতিনহা, লেরয় সানে, ইয়ান দিওমান্দে, ননি মাদুয়েকে ও ক্রিস্টিয়ানো রোনালদো।