খেলা
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল, উদযাপনের মধ্যদিয়ে দিলেন সমালোচনার জবাব
সমালোচনার ঝড় পেছনে ফেলে মাঠে ফিরেই দারুণ পারফরম্যান্স দেখালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ফিরে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। শাপকোয়েন্সের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি’আ লিগের ম্যাচে নেইমারের নৈপুণ্যে হার এড়িয়েছে সান্তোস।
বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর সান্তোস যখন কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যস্ত, তখন নেইমার পোকার খেলায় অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন। বিষয়টি নিয়ে সমর্থক ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। তবে সেই সমালোচনার জবাব দিতে বেশি সময় নেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
শাপকোয়েন্সের বিপক্ষে ম্যাচে প্রথম গোলটি করেন নেইমার। ডি-বক্সের ভেতরে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। গোলের পর ‘পোকার’ খেলার ভঙ্গিতে উদযাপন করে সমালোচকদের উদ্দেশে বার্তা দেন এই তারকা।
ম্যাচের একপর্যায়ে শাপকোয়েন্স ২-১ ব্যবধানে এগিয়ে গেলে সান্তোসের হার শঙ্কা তৈরি হয়। তবে শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠেন নেইমার। তার করা গোলেই ম্যাচে সমতা ফেরে এবং দল পায় গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর চোট ও ফিটনেস সমস্যার কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। সান্তোস কর্তৃপক্ষ তাকে বিশেষ ফিটনেস প্রোগ্রামে রাখে। এ সময় পোকার খেলা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তিনি অনুশীলন মাঠ থেকেই ভিডিও বার্তায় সমালোচকদের জবাব দেন।
নেইমার বলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে যাইনি কারণ তখনই অনুশীলন শুরু করেছি। পরের দিন আমার ছুটি ছিল।’
সমালোচনায় বিরক্ত হয়ে তিনি আরও বলেন, ‘আমি কি অনুশীলন করতে পারব, নাকি তোমরা শুধু সমালোচনা করতেই থাকবে? নিজের কাজে মন দাও।’
দীর্ঘদিন পর সান্তোসের জার্সিতে ফিরে নেইমারের এই পারফরম্যান্স দলকে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি সমর্থকদেরও নতুন করে আশাবাদী করেছে। মাঠের বাইরের বিতর্ক থাকলেও, ফুটবলে তিনি এখনো দলের অন্যতম প্রধান ভরসা সেটিই আবারও প্রমাণ করলেন এই ব্রাজিলিয়ান তারকা।