খেলা

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান আলী ওয়াহিদ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান আলী ওয়াহিদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ প্রিমিয়ার লিগের ক্লাবে নিজের প্রথম আনুষ্ঠানিক অভিষেকের স্বাদ পেলেন। হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভুত হিসেবে শীর্ষ পর্যায়ের ইংলিশ ফুটবলে জায়গা করে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছেন এই তরুণ স্ট্রাইকার।

২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি করা ফারহান সম্প্রতি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে প্রথমবারের মতো মাঠে নামেন। শনিবার নরউইচের বিপক্ষে ম্যাচের ৪৬তম মিনিটে বদলি হিসেবে নামিয়ে তাকে সুযোগ দেয় ক্লাবটি। যদিও ম্যাচটিতে তিনি গোল বা অ্যাসিস্ট করতে পারেননি, দলও ২-০ গোলে হেরে যায়। তবুও মাঠে নেমেই নিজের উপস্থিতি জানান দেন ফারহান; তার একটি বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষা নেয় বলে ক্লাব সূত্রে জানা গেছে।

এর আগে ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ফারহান। ধারাবাহিক ভালো খেলার স্বীকৃতি হিসেবে নভেম্বরে মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। পাশাপাশি মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নেন এই তরুণ ফরোয়ার্ড। বাঁ প্রান্তে তার দ্রুতগতি, কাট শট ও নির্ভীক খেলায় ইতোমধ্যে সেখানকার ফুটবল অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন তিনি।

ফারহানের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেটে হলেও তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে। ২০০৬ সালের ৯ ডিসেম্বর জন্ম নেওয়া এই ফুটবলার শৈশবে চেলসির একাডেমিতে প্রশিক্ষণ নেন এবং ২০১৯ সালে ফুলহ্যামে যোগ দেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তাকে নিয়ে আগ্রহ বাড়ছে। ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যে তাকে জাতীয় দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছে। গত মে মাসে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, সেপ্টেম্বরের আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে ফারহানের পাসপোর্ট প্রক্রিয়া শুরু করা হচ্ছে। একইসঙ্গে নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের দলেও তাকে বিবেচনায় রাখা হতে পারে।