খেলা
ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণা’র অভিযোগ তুলে চাকরি হারালেন ফিফার শীর্ষ কর্মকর্তা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনার প্রকাশ্য সমালোচনা করে চাকরি হারিয়েছেন সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ফিফার সঙ্গে লামুরের কর্মসম্পর্কের অবসান ঘটেছে।
ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, কর্মীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ তুলে ইনফান্তিনোর সমালোচনা করার পর লামুরের সঙ্গে সংস্থাটির কাজের সম্পর্ক শেষ হয়েছে। তবে তাকে সরিয়ে দেওয়ার নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ফিফা।
এর আগে দ্য টাইমস ফিফার বড় টুর্নামেন্ট, বিশেষ করে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে তুলে দেওয়ার পরিকল্পনার কথা প্রকাশ করে। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা যায়। পরে ব্যাপক সমালোচনার মুখে পরিকল্পনাটি থেকে সরে আসে ফিফা।
পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর গত ৩১ জুলাই বার্তা সংস্থা এপিকে দেওয়া এক বিবৃতিতে সরব হন ৪৬ বছর বয়সী কেভিন লামুর। তিনি অভিযোগ করেন, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগে স্বচ্ছতার ঘাটতি রয়েছে এবং ইনফান্তিনো কর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন।
ইনফান্তিনোর সঙ্গে অতীতে উয়েফায় কাজ করা লামুর বলেন, এটি মূলত একজন ব্যক্তির প্রকল্প। তিনি আরও প্রশ্ন তোলেন, ফুটবল প্রশাসনের শীর্ষ পর্যায়ের নেতাদের এখন নিজেদের কাছে সঠিক প্রশ্ন করে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কি না।
নিজের বক্তব্যের কারণে চাকরি হারানোর আশঙ্কাও প্রকাশ করেছিলেন লামুর। তিনি বলেছিলেন, এর অর্থ যদি চাকরি হারানো হয়, তাহলে তিনি সেই সিদ্ধান্ত বুঝবেন এবং সম্মান করবেন।
ফিফার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ফিফা ও সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরের মধ্যে কর্মসম্পর্কের অবসান ঘটেছে। দুই বছর দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে। এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানানো হয়।
ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোমের পাঠানো ইমেইলের মাধ্যমে কর্মীদের লামুরের বিদায়ের বিষয়টি জানানো হয়। ফিফার সহসভাপতি ও কাউন্সিল সদস্যদের পাঠানো পৃথক বার্তায় গ্রাফস্ট্রোম জানান, ফিফা ও লামুর পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২০২৪ সালের নভেম্বরে ফিফায় যোগ দিয়েছিলেন লামুর। তার বিদায়ের আগে গত জুলাইয়ে একই বিষয়কে কেন্দ্র করে ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরোও পদত্যাগ করেন।
এদিকে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইউরোপীয় ফুটবলে অসন্তোষ বাড়ছে। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার প্রতিবাদে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর প্রতি আনুষ্ঠানিক সমর্থন প্রত্যাহার করেছে। সমালোচনার মুখে পরিকল্পনাটি বাতিল হলেও এর জেরে ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।
আগামী বছর ফিফা কংগ্রেসে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরোধিতা করে এরই মধ্যে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েলসসহ কয়েকটি ইউরোপীয় ফুটবল ফেডারেশন সমর্থন প্রত্যাহার করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো স্কটল্যান্ড।
স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল স্পষ্ট করে বলেছেন, স্কটল্যান্ডের ফুটবল সংস্থা জিয়ান্নি ইনফান্তিনোকে ভোট দেবে না। তাদের এই অবস্থান উয়েফার সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এতে কোনো পরিবর্তন আসবে না বলেও জানান তিনি।