খেলা

বিদায়বেলায় আবেগঘন বার্তা: স্টেডিয়ামের ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান দল 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:১১ পিএম

বিদায়বেলায় আবেগঘন বার্তা: স্টেডিয়ামের ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান দল 
ছবিঃ সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে গেছে ইরান জাতীয় ফুটবল দল। নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হওয়ায় এই চিঠি পরে ভেন্যু কর্তৃপক্ষের নজরে আসে এবং ইরান ফুটবল ফেডারেশন সেটির ছবি প্রকাশ করে।

চিঠিতে ইরান দল লস অ্যাঞ্জেলেস ও স্টেডিয়াম কর্তৃপক্ষের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানায় এবং নিজেদের ঐতিহাসিক পরিচয় ও সংস্কৃতির কথা তুলে ধরে। সেখানে লেখা ছিল, “হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।”

চিঠিতে আরও বলা হয়, “ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা এখানে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ফিরে যাচ্ছি।” একই সঙ্গে সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে তারা লেখে, “প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা হৃদয়, আওয়াজ ও প্রাণ দিয়ে আমাদের সমর্থন দিয়েছে। সব দেশের মাঝে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় থাকুক।”

চিঠির নিচে লাল কালিতে “৭৬৮” এবং “মিনাব” উল্লেখ থাকায় বিষয়টি ঘিরে আরও আলোচনা তৈরি হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, মিনাব অঞ্চলে অতীতের এক সংঘাতে শিশুদের প্রাণহানির প্রসঙ্গ স্মরণ করাতেই এই ইঙ্গিত রাখা হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা স্পষ্ট নয়।

ইরান দল এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচ খেললেও নিরাপত্তাজনিত নিয়মের কারণে প্রতিটি ম্যাচের পরই তাদের দ্রুত মেক্সিকোর তিজুয়ানায় বেসক্যাম্পে ফিরে যেতে হচ্ছে। এই নিয়মকে ঘিরে শুরু থেকেই দলটির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপে বেলজিয়ামের বিপক্ষে সর্বশেষ ম্যাচে গোলশূন্য ড্র করে ইরান আবারও আলোচনায় আসে। ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখান গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ, যিনি একাধিক নিশ্চিত গোল রক্ষা করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন।

টানা দুই ম্যাচ ড্র করে গ্রুপে অবস্থান শক্ত রেখেছে ইরান, যদিও পয়েন্ট তালিকায় শীর্ষস্থান নিয়ে প্রতিযোগিতা এখন আরও কঠিন হয়ে উঠেছে। মাঠের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরের এই চিঠি ও আবেগঘন বার্তা ইরান দলের বিশ্বকাপ যাত্রাকে আরও আলোচিত করে তুলেছে।