খেলা

ব্রাজিল-জাপান লড়াইয়ে এগিয়ে কারা? ভবিষ্যদ্বাণীতে স্পষ্ট ইঙ্গিত 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৫৯ এএম

ব্রাজিল-জাপান লড়াইয়ে এগিয়ে কারা? ভবিষ্যদ্বাণীতে স্পষ্ট ইঙ্গিত 
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার শক্তিশালী দল জাপান। হারলেই বিদায়- এমন সমীকরণের ম্যাচে সুপার কম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে রাখা হয়েছে সেলেসাওদের।

গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। দলটির হয়ে দুর্দান্ত ছন্দে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, যিনি এখন পর্যন্ত চারটি গোল করেছেন। এছাড়া মাতেউস কুনিয়ার গোলসংখ্যা তিনটি। তবে হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন রাফিনিয়া। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন তরুণ রায়ান। অন্যদিকে স্কটল্যান্ড ম্যাচে বদলি হিসেবে মাঠে ফিরে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন নেইমার।

জাপানও দারুণ পারফরম্যান্স করে গ্রুপ ‘এফ’ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে। নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ ড্র, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানো এবং সুইডেনের সঙ্গে ১-১ ড্র করে শেষ ষোলো নিশ্চিত করে ব্লু সামুরাইরা। দলটির হয়ে দাইচি কামাদা ও আয়াসে উয়েদা দুটি করে গোল করেছেন।

পরিসংখ্যানও জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ দিচ্ছে না। শেষ ২৮টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র দুটি হেরেছে তারা। ২০২৫ সালের কিরিন কাপে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতিও রয়েছে জাপানের। তবে বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখায় ২০০৬ সালে ৪-১ গোলের জয় পেয়েছিল ব্রাজিল।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার ১০ হাজার সিমুলেশন চালিয়ে দেখেছে, এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ৭৫ শতাংশ। তাই কাগজে-কলমে ফেবারিট হিসেবে মাঠে নামছে কার্লো আনচেলত্তির দল। তবে নকআউট ফুটবলে যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে সব হিসাব।