খেলা
চোটে সিরিজ শেষ শরিফুলের, বড় ধাক্কায় বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের মাঝপথেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চোটের কারণে শরিফুলকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতোমধ্যে তিনি পুনর্বাসন (রিহ্যাব) কার্যক্রম শুরু করতে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।
টেস্ট ও ওয়ানডে সিরিজের পর বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগেই একই ধরনের হ্যামস্ট্রিং চোটে দল থেকে ছিটকে যান মোস্তাফিজুর রহমান। এবার সেই তালিকায় যোগ হলো শরিফুলের নামও।
যদিও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন না শরিফুল, তবে ওয়ানডে সিরিজে তিনি দুটি ম্যাচ খেলেছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৫০ রান দিলেও কোনো উইকেট পাননি। তবে শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে ৪৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার।
প্রাথমিক ধারণা অনুযায়ী, হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে মাঠে ফিরতে শরিফুলের প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। দেশে ফিরে তিনি বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন।