খেলা

মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:২৯ এএম

মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি ছবি শেয়ার করে তিনি বলেন, বয়সকে হার মানিয়ে আর্জেন্টাইন মহাতারকা যেভাবে এখনো সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলছেন, তা ক্রীড়াবিশ্বের জন্য অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত।

শাকিরা লেখেন, মেসি শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অদম্য মানসিক শক্তির প্রতীক। সময়ের সঙ্গে লড়াই করে এবং অসংখ্য সমালোচনা উপেক্ষা করে তিনি যেভাবে নিজেকে বিশ্বের সেরাদের কাতারে ধরে রেখেছেন, তা সত্যিই বিস্ময়কর।

তিনি আরও বলেন, “মেসি প্রমাণ করেছেন, একজন মানুষকে কখনোই তার বয়স বা অন্যের মন্তব্য দিয়ে বিচার করা উচিত নয়। প্রতিভা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।”

মেসির সাফল্যের পেছনে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ভূমিকাও তুলে ধরেন শাকিরা। তার মতে, দীর্ঘদিনের সঙ্গী আন্তোনেলার ভালোবাসা ও সমর্থনই মেসিকে প্রতিনিয়ত নতুন করে অনুপ্রাণিত করে।

শাকিরা বলেন, “আন্তোনেলার মতো একজন মানুষ পাশে থাকার কারণেই মেসি বারবার নিজেকে প্রমাণ করার শক্তি পান। একজন সফল মানুষের পেছনে পরিবারের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ, তার অন্যতম উদাহরণ তারা।”

শাকিরার এই প্রশংসাবার্তা পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আন্তোনেলা রোকুজ্জো। এতে ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে।

এদিকে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল, আর স্পেন লক্ষ্য রাখবে ইতিহাসে আরও একটি বিশ্বকাপ জয়ের।