খেলা

বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১,৬০০ টাকা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১,৬০০ টাকা
ছবি: সংগৃহীত

অবশেষে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। নতুন জার্সি নিয়ে সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে কিট উন্মোচনের পাশাপাশি এর দাম ও বিক্রির পরিকল্পনাও জানানো হয়েছে।

নতুন অফিসিয়াল জার্সি কিনতে সমর্থকদের গুনতে হবে ১ হাজার ৬০০ টাকা। আর খেলোয়াড়ের নাম ও নম্বর যুক্ত জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ টাকা। জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবিদ আলম এ তথ্য জানিয়েছেন।

গত মাসেই নতুন জার্সি উন্মোচনের কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। পরে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে নতুন হোম ও অ্যাওয়ে কিটের উদ্বোধন করা হয়।

উন্মোচনের পর আবিদ আলম জানান, আগের সংস্করণের তুলনায় এবার জার্সির দাম কিছুটা বেশি। এর প্রধান কারণ হিসেবে উন্নতমানের কাপড় ব্যবহারের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি উৎপাদন, বিপণন ও বিতরণ বাবদও উল্লেখযোগ্য খরচ রয়েছে বলে জানান।

জার্সি বিক্রি থেকে বাফুফে উল্লেখযোগ্য পরিমাণ রয়্যালটি পায় বলেও দাবি করেন দৌড়ের সিইও। তবে রয়্যালটির নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করেননি তিনি।

নতুন জার্সির দাম বেশি কি না—এমন প্রশ্নের জবাবে আবিদ আলম বলেন, তার কাছে ১ হাজার ৬০০ টাকা খুব বেশি মনে হয় না। আন্তর্জাতিক বাজারের তুলনায়ও দামটি প্রতিযোগিতামূলক বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁর জানা মতে বাংলাদেশের নতুন জাতীয় দলের জার্সিই বিশ্বের সবচেয়ে কম দামের জাতীয় দলের জার্সি।

এদিকে তুলনামূলক কম দামে জার্সি কিনতে চান এমন সমর্থকদের জন্য থাকছে ‘ফ্যান এডিশন’। এর দাম রাখা হয়েছে ৭০০ টাকা, যা আগের সংস্করণের সমান। তবে ভবিষ্যতে এই জার্সির দাম সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন আবিদ আলম।

নতুন জার্সি শুধু অনলাইনে সীমাবদ্ধ থাকছে না। দেশের বিভিন্ন ফিজিক্যাল আউটলেটের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জার্সি সরবরাহের পরিকল্পনা রয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান দৌড়ের।