ক্যাম্পাস

সব প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে অনশনে জাকসু ভিপি প্রার্থী রাব্বি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৮:৪৩ পিএম

সব প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে অনশনে জাকসু ভিপি প্রার্থী রাব্বি
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী মো. রাব্বি হোসেন।

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে তিনি অনশন শুরু করেন। রাব্বি ঘোষণা দেন, সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক না করা পর্যন্ত তিনি এ কর্মসূচি চালিয়ে যাবেন।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাব্বি হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচন কমিশনের ঘোষিত নীতিমালায় প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার কথা থাকলেও প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ডোপ টেস্ট শুধু একজন প্রার্থীর শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণ নয়, এটি জাকসুকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতিমুক্ত রাখার জন্যও মৌলিক শর্ত। প্রশাসনের এই উদাসীনতা নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।”

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, “ডোপ টেস্ট বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের নেই। আমরা শুধু নির্বাচনের সার্বিক তদারকি ও পরিচালনার দায়িত্বে থাকি। নির্বাচন আচরণবিধি তৈরি করাও আমাদের কাজ নয়। এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।”

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষাঙ্গনে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রার্থীর এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।