ক্যাম্পাস
তারেক রহমানের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৭টার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাবি ভিসি। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা ও পরামর্শ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রাথমিক পর্যায়ের একটি আলোচনা হয়েছে।
ড. নিয়াজ আহমদ খান বলেন, “আলোচনায় আমরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা, সংহতি ও শৃঙ্খলার বিষয়টি গভীরভাবে সম্পর্কিত। এ কারণে আমরা তার সহযোগিতা কামনা করেছি।” তিনি জানান, তারেক রহমান সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই ধারাবাহিকতায় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও আলোচনা করা হবে বলেও জানান তিনি।
ঢাবি উপাচার্য আরও বলেন, “গত দেড় বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি বড় ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নসহ গুরুত্বপূর্ণ কিছু কাজ হয়েছে। এসব বিষয়েও আমরা তাকে অবহিত করেছি।”
তিনি বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের সম্পর্ক আরও দৃঢ় হোক। এ বিষয়ে তিনি আমাদের কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন, যা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”
উল্লেখ্য, শোক জানানো ও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি আসন্ন নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়টি এই সাক্ষাতে গুরুত্ব পায়।